বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

আদালতে হট্টগোল বরিশালে গ্রেফতার আতঙ্কে জ্যেষ্ঠ আইনজীবীরা

মেহমেদ মেরাজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ এ.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বরিশালে এজলাসে ঢুকে হামলা-হট্টগোলের ঘটনায় মামলা হওয়ার পর প্রধান আসামি আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন গ্রেফতারের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন অন্য আসামিরা। বুধবার সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ওই রাতেই অন্য আসামিদের ধরতে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে এখন পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি।

আইনজীবীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। তবে আদালতের বিচার কার্যক্রম ছিল স্বাভাবিক। আইনজীবীদের ছাড়াই বিচারক আসামিদের সঙ্গে সরাসরি কথা বলে বিচার কার্যক্রম চালান। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম। তিনি বলেন, অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। তারা হলেন-বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, জেলা পিপি আবুল কালাম আজাদ, মহানগর পিপি নাজিম উদ্দিন পান্না, এপিপি হাফিজ উদ্দিন বাবলু, এপিপি তারেক আল ইমরান, এপিপি আবুল কালাম আজাদ ইমন, বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতা মহসিন মন্টু, মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ এবং অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ।

আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের জামিনের বিরোধিতা করে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা মঙ্গলবার দুপুরে এজলাসে ঢুকে চিৎকার-চেঁচামেচি ও আসবাবপত্র ধাক্কাধাক্কি করেন। সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। এ সময় হঠাৎ দরজা খুলে একদল আইনজীবী চিৎকার

করতে করতে এজলাসে প্রবেশ করেন এবং বেঞ্চগুলো ধাক্কা দিতে থাকেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙুল তুলে চিৎকার করেন এবং তার সামনের বেঞ্চে আঘাত করেন।

জানা যায়, এজলাসে প্রথম প্রবেশ করা আইনজীবী ছিলেন সাদিকুর রহমান লিংকন। এরপর বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল আদালতের আইনজীবী সমিতির ভবনের একটি রুম থেকে লিংকনে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারের পর অন্য আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এই সম্পর্কিত আরও খবর