শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শুরুতেই সরকার ও বিরোধী দলের টানাপোড়েন

মেহমেদ মেরাজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭ এ.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নতুন সরকারের যাত্রার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। বিএনপি বলছে, সংবিধানে এখনও পরিষদের বিধান না থাকায় তারা শপথ নেয়নি। অন্যদিকে, বিরোধী জোট এই অবস্থানকে গণভোট ও জুলাই সনদের প্রতি অবজ্ঞা বলে আখ্যা দিয়েছে। এই জোট বলছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন বাধ্যতামূলক। 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ‘হ্যাঁ’ জয়ী হলে গণভোটের ব্যালটে বর্ণিত উপায়ে সংবিধান সংস্কারে নবনির্বাচিত এমপিরা ১৮০ কার্যদিবস মেয়াদি পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন।

কিন্তু বিএনপির নবনির্বাচিত প্রতিনিধিরা গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। স্বতন্ত্র সাত এমপিও পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি। বিপরীতে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের ৭৮ এমপি পরিষদ সদস্য হিসেবে শপথ নেন। নতুন এমপিদের শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

এদিকে, গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে রিট হয়েছে। জামায়াতের একাধিক নেতার সন্দেহ, এতে বিএনপির হাত রয়েছে। ফলে আইনি পথেও বিরোধ তৈরি হয়েছে সরকারি ও বিরোধী দলের মধ্যে। 

বিএনপি শপথ নেয়নি
গতকাল দুটি শপথের জন্য প্রস্তুতি নেয় সংসদ সচিবালয়। তবে শপথের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় এমপিদের উদ্দেশে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। তাই পরিষদ সদস্য হিসেবে শপথ নিচ্ছি না।

এমপিদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, পরিষদ এখনও সংবিধানে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পাঠ করাবেন, এই বিধান করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি, সামনের দিনেও চলব।

এমপিদের সাদা রঙের কাগজে সংসদের শপথপত্র দেওয়া হয়। নীল রঙের কাগজে দেওয়া হয় পরিষদের শপথপত্র। বিএনপির এমপিরা শপথ না নিয়ে নীল রঙের কাগজ চেয়ারে রেখে যান।

জামায়াত জোটের শপথ 
বিএনপির এমপিদের শপথের পর বিরোধীদলীয় ও স্বতন্ত্র এমপিরা শপথ নেন। দেরিতে আসা বিএনপির এমপি ইশরাক হোসেনও তাদের সঙ্গে শপথ নেন। এরপর শপথ নেন এনসিপির নবনির্বাচিত ছয় এমপি। বিরোধী জোটের এমপিরা সংসদ সদস্যের শপথ গ্রহণের পর পরিষদ সদস্য হিসেবে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনারের পরিচালনায়। এ সময় স্বতন্ত্র এমপিরা এবং ইশরাক হোসেন শপথ কক্ষ থেকে বেরিয়ে যান। 

এর আগে সংবাদমাধ্যমে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বরাতে খবর ছড়ায়, বিএনপির এমপিরা পরিষদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিরোধী জোটের এমপিরা শপথ নেবেন না। তবে এই ভাষ্যকে নাকচ করে তিনি সমকালকে বলেন, এমন কোনো কথা হয়নি। জামায়াত জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এমপিরা দুটি শপথ নেবেন। বিএনপি পরিষদের শপথ নিয়ে জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে; গণভোটের রায়কে অসম্মান করেছে।

শপথের পর সালাহউদ্দিন আহমেদ সংসদ থেকে বেরিয়ে বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে মেনে চলবে।

বিএনপি পরিষদের শপথ না নেওয়ায় প্রতিবাদে এনসিপি সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে। তবে জামায়াত আমির শফিকুর রহমান এতে যোগ দেন। 
শপথ বর্জন করা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি দুটি শপথ না নিলে সংসদে যাওয়াই তো অর্থহীন। গণভোটের রায় না মানলে জুলাই সনদের থাকে কী?

ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, শপথ না নিয়ে গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে। 

এখন কী হবে
গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট হয়েছে। ৬৮ শতাংশ ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন। গত ১৩ নভেম্বর জারি করা এই আদেশ অনুযায়ী, হ্যাঁ ভোট জয়ী হওয়ায় যিনি এমপিদের শপথ পাঠ করাবেন, তাঁর কাছে পরিষদ সদস্যদের শপথ নিতে হবে। ৩০ দিনের মধ্যে পরিষদের সভা আহ্বান করতে হবে। 

বিএনপি শপথ না নেওয়ায় পরিষদের ভবিষ্যৎ কী, তা স্পষ্ট নয়। সাবেক ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, অনাকাঙ্ক্ষিত বিরোধ তৈরি হলো। জনগণের সার্বভৌম অভিপ্রায়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে। জনগণ তা গণভোটে অনুমোদন করেছে। আদেশের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, এমপিদের পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। শপথ না নেওয়ার মাধ্যমে জটিলতা তৈরি হলো।

সনদে সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর ১৩টিতে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। জামায়াতের নোট অব ডিসেন্ট ছিল সাতটিতে। বিএনপির অবস্থান ছিল, যেসব প্রস্তাবে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে, নির্বাচনে জয়ী হলে সেগুলো নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করবে। জামায়াত-এনসিপির দাবি ছিল, সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 

এই বিরোধে গণভোট আয়োজনের সিদ্ধান্ত গত ১৭ সেপ্টেম্বর। এরপর সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত অক্টোবরে ছয় কার্যদিবস সংলাপ চালায় ঐকমত্য কমিশন। সেখানেই সিদ্ধান্ত হয়, সংসদের গাঠনিক ক্ষমতা না থাকায় গণভোটে হ্যাঁ জয়ী হলে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারে নবনির্বাচিত এমপিদের নিয়ে পরিষদ গঠন করা হবে। 

গণভোটের ব্যালটে সংস্কার প্রস্তাবগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। গণভোটের প্রশ্নে প্রথম ভাগে বলা হয়, ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদে বর্ণিত উপায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), ন্যায়পাল এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠন ও নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করবে পরিষদ। 

নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপি রাজি থাকলেও তত্ত্বাবধায়ক সরকার, পিএসসি, সিএজি, ন্যায়পাল এবং দুদকের গঠন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে যেসব প্রস্তাব রয়েছে জুলাই সনদে, তাতে নোট অব ডিসেন্ট রয়েছে দলটির। 

গণভোটের দ্বিতীয় ভাগে ছিল উচ্চকক্ষ-সংক্রান্ত তিনটি প্রস্তাব। বিএনপি ১০০ আসনের উচ্চকক্ষ গঠনে একমত হলেও ভোটের অনুপাতে (পিআর) আসন বণ্টন এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন গ্রহণের প্রস্তাবে রাজি নয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এ দুই প্রস্তাবেও নোট অব ডিসেন্ট কার্যকর হবে না।

গণভোটের তৃতীয় ভাগে ছিল এমন ৩০টি সংস্কার প্রস্তাব, যেগুলোতে সব দলের ঐকমত্য ছিল। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক। গণভোটের শেষ ভাগে ছিল ১০টি সংস্কার প্রস্তাব। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও এগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। 

আদেশের ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়ায় ৩০ দিনের মধ্যে পরিষদের সভা আহ্বান করা হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন। আদেশের ১০(২) অনুচ্ছেদে বলা হয়েছে, পরিষদের কোরাম হবে ৬০ জন সদস্যের উপস্থিতিতে। জামায়াত জোটসহ ৭৮ জন সদস্য পরিষদের শপথ নিয়েছেন। বিএনপি যোগ না দিলে তারাই সভা করতে পারবেন কিনা– এই বিতর্ক নতুন জটিলতা করেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’

news image

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

news image

বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল ইরানের

news image

ঈদের ছুটি বাড়ল

news image

৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

news image

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

news image

৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

news image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

news image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

news image

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

news image

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

news image

সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

news image

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, ফখরুল-সালাহউদ্দিনসহ দায়িত্বে যারা

news image

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

news image

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

news image

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

news image

দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news image

রেলে ক্রমাগত লোকসান লাগাম টানার উদ্যোগ নেই

news image

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

news image

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

news image

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

news image

ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

news image

হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

news image

বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

news image

মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো

news image

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান